ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী মেডিকেলের অরক্ষিত বারান্দা কেড়ে নিল ফুটফুটে প্রাণ

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: চিকিৎসার জন্য পুরো পরিবার যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিল, ঠিক তখনই এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো মাত্র দুই বছরের এক শিশুকে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একটি ওয়ার্ডের খোলা বারান্দা থেকে নিচে পড়ে আবু হুরাইরা নামের ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরের দিকে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবু হুরাইরার বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। তার বাবার নাম হৃদয় আলী।

খোঁজ নিয়ে জানা যায়, পরিবারটির ওপর দিয়ে বড় ধরনের দুর্যোগ বয়ে যাচ্ছিল। শিশুটির বাবা হৃদয় আলী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। পাশাপাশি তার ছয় বছর বয়সী বোন উম্মে খাদিজার জন্মগত একটি কিডনি না থাকার জটিলতাসহ পেটের সমস্যা নিয়ে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। অসুস্থ স্বামী ও মেয়েকে নিয়ে চরম দুশ্চিন্তা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছিল মা সেলিনা বেগমের।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা চিকিৎসায় পরিবারের জমানো শেষ সম্বলটুকুও ফুরিয়ে গিয়েছিল। কোনো রকমে ধারদেনা করে চিকিৎসা চালিয়ে অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। ঘটনার সময় তিনি রিলিজ বা প্রয়োজনীয় কাগজপত্রের জন্য চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন।

এদিকে সবেমাত্র হাঁটতে শেখা শিশু আবু হুরাইরা ওয়ার্ডের খোলা গেট দিয়ে বেরিয়ে বারান্দায় চলে যায়। অভিযোগ রয়েছে, ১১ নম্বর ওয়ার্ডের ওই বারান্দার অংশটিতে তখন পিলারের প্লাস্টার ও সংস্কারের কাজ চলছিল। কোনো ধরনের নিরাপত্তা গ্রিল বা বেষ্টনী না থাকায় এবং বারান্দাটি অরক্ষিত থাকায় অসাবধানতাবশত শিশুটি সেখান থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পর পরই শিশুটিকে দ্রুত উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার শরীরে স্যালাইন দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা চালান চিকিৎসকরা। তবে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থাতেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতে দেখা যায় এবং মর্মান্তিক এই দৃশ্য দেখতে উৎসুক জনতা ও রোগীর স্বজনরা ভিড় করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল চত্বরে দায়িত্বরত আনসার সদস্যরা ব্যস্ত সময় পার করেন।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, দুর্ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে, সেটি একটি নির্মাণাধীন ও কিছুটা অরক্ষিত স্থান ছিল। শিশুটি মূলত অভিভাবকের অনুপস্থিতিতে খেলতে গিয়ে নিচে পড়ে যায়। খবর পাওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা করা যায়নি। হাসপাতালের দাপ্তরিক ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস