ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর স্মার্ট ব্যাংকিং প্রসারে কাজ করবে পূবালী ব্যাংক: ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, July 11, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: আগামী দিনে রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং প্রসারে পূবালী ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ের একটি হোটেলে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় রাজশাহীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে। রাজশাহীর ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে এবং আধুনিক সিঙ্গাপুর বা ইউরোপের আদলে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে পূবালী ব্যাংক ‘কিউআর সিস্টেম’ চালু করেছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা কাগুজে মুদ্রার ঝামেলা ছাড়াই নিরাপদ লেনদেন করতে পারবেন। এছাড়া কৃষিপণ্য সরাসরি দুবাই বা সিঙ্গাপুরে রপ্তানির জন্য রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং ইপিজেড স্থাপনের পরিকল্পনা চলছে।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী রাজশাহীতে পূবালী ব্যাংকের ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন এবং ব্যবসায়ীদের হাতে বাংলা কিউআর কোড তুলে দেন। রাজশাহী পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।