ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে রাসিকের ফগার স্প্রে ও মশক নিধন কার্যক্রম অব্যাহত

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:27 pm

স্টাফ রিপোর্টার: দেশজুড়ে চলমান তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে নগরীতে ফগার মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম গতকাল বুধবার মহানগরীর ১৩, ২০ ও ২২ নম্বর ওয়ার্ডে একযোগে পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে নগরীর ৩০টি ওয়ার্ডেই এই বিশেষ কার্যক্রম চলবে।

রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মপরিকল্পনা অনুযায়ী, মহানগরীর প্রতিটি ওয়ার্ডের ড্রেন, স্লাব, আন্ডারগ্রাউন্ড ড্রেন, ডোবা, জঙ্গল ও ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোতে ফগার স্প্রে ছিটানো হচ্ছে।

৩০টি ওয়ার্ডের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিকদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

রাসিকের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রশাসকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, জনবান্ধব এই কার্যক্রমগুলো নিয়মিত ও ধারাবাহিকভাবে চলমান থাকুক।”

২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শান্তু কুমার বলেন, “নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে ডেঙ্গুর বর্তমান ঝুঁকি মোকাবিলায় এমন উদ্যোগ নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।”

এ বিষয়ে রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিয়ন্ত্রণে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শুরু হওয়া ফগার স্প্রে কার্যক্রম ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

একই সঙ্গে মশার প্রজননস্থলগুলো কঠোর মনিটরিংয়ের আওতায় এনে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। কার্যক্রম চলাকালে রাসিকের পরিচ্ছন্ন বিভাগ ও মশক শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস