জমঈয়তে আহলে হাদীস মহানগরের নতুন কমিটি
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস রাজশাহী মহানগরীর ত্রি-বার্ষিক কাউন্সিলে সর্বসম্মতিক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদকে সভাপতি এবং রাজশাহী কলেজের অধ্যাপক ড. আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে নগরীর রাণীবাজার কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের উদ্বোধন করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রফেসর ড. ওসমান গণি, যুগ্ম সম্পাদক ড. মোযাফফর বিন মুহসিন ও শায়খ আব্দুল মাতীন, পরিকল্পন ও উন্নয়ন সম্পাদক প্রফেসর ড. মতিউর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কাউন্সিলে বক্তারা বলেন, বর্তমান বিশ্ব ও মুসলিম সমাজের চরম বিপর্যয় থেকে মুক্তির একমাত্র পথ হলো সকল মতবাদ ত্যাগ করে পবিত্র কোরআন ও সহীহ সুন্নাহর আদর্শে ফিরে আসা।











