ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় চাকরির নামে ৩ লাখ টাকা আত্মসাৎ, ইউএনও’র কাছে অভিযোগ

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:30 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার গোবিন্দপাড়া গ্রামের ভুক্তভোগী নজরুল ইসলাম এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে ওই বিদ্যালয়ে নিয়োগের আশ্বাস দিয়ে নজরুল ইসলামের কাছে ১২ লাখ টাকা দাবি করেন আয়েশা সিদ্দিকা। অগ্রিম হিসেবে নগদ ৩ লাখ টাকা গ্রহণ করলেও দীর্ঘদিনেও নজরুলকে নিয়োগ দেয়া হয়নি।

সম্প্রতি নজরুল ও তার স্বজনরা টাকা ফেরত চাইতে গেলে প্রধান শিক্ষিকা তাদের হুমকি দেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর প্রতিবাদে গত রোববার বিকেলে বিদ্যালয় সংলগ্ন জিল্লুর মোড়ে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা জানান, রাজনৈতিক জটিলতার কারণে নিয়োগ সম্পন্ন না হওয়ায় বিদ্যালয়ের সাবেক সভাপতি কছিমুদ্দিন তার কাছ থেকে সেই টাকা নিয়ে গেছেন।

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।