ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম

চারঘাটে ভুতুড়ে ও অতিরিক্ত বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে গ্রাহকরা

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:31 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় চলতি মাসে সাধারণ গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চরম অসন্তোষ ও ভোগান্তি দেখা দিয়েছে।

গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের ধরনে কোনো পরিবর্তন না হলেও পূর্ববর্তী মাসের তুলনায় বিল দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত এসেছে, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ সৃষ্টি করেছে।

পৌর এলাকার একজন ভুক্তভোগী গ্রাহক জানান, গত মাসে তার বিদ্যুৎ বিল এসেছিল ৮০০ টাকা, অথচ চলতি মাসে একই ব্যবহারে বিল এসেছে ১,৫০০ টাকা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাহকরাও একই ধরনের অতিরিক্ত ও অসঙ্গতিপূর্ণ বিলের অভিযোগ তুলেছেন।

এ বিষয়ে চারঘাট পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত গরমের কারণে সামগ্রিকভাবে বিদ্যুতের ব্যবহার বেড়েছে এবং সরকারের নির্ধারিত ইউনিট মূল্য অনুযায়ীই বিল প্রস্তুত করা হয়েছে।

তবে কোনো গ্রাহকের বিল নিয়ে সুনির্দিষ্ট আপত্তি বা সন্দেহ থাকলে অফিসে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। মিটার ও বিল যাচাই করে কোনো ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।