বাগমারায় অবৈধ পুকুর খনন: ৪ জনের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে।
এছাড়া জব্দকৃত ২৭টি এক্সকাভেটর (ভেকু) ভেঙে অকেজো করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মাজেদুর রহমান, সাদেকুল ইসলাম, সিরাজুল ইসলাম শাকিল ও আমিরুল ইসলাম। মামুনুর রশিদ নামের এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ এবং সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা পৃথক অভিযান চালিয়ে এ দণ্ড দেন। প্রশাসন জানায়, ফসলি জমির টপসয়েল কাটা ও অবৈধ পুকুর খনন বন্ধে দিন-রাতে এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।











