ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

কর্মহীন ২০ হাজার শ্রমিক: লাইসেন্স জটিলতায় স্থবির লালপুরের ইটভাটা শিল্প

  • আপডেট: Tuesday, June 23, 2026 - 11:11 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: সরকার নির্ধারিত ফি ও প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেয়ার পরও প্রশাসনিক জটিলতায় লাইসেন্স মিলছে না নাটোরের লালপুর উপজেলার ইটভাটাগুলোতে। লাইসেন্স নবায়ন ও প্রদান কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে থাকায় উপজেলার ২৬টি ইটভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

ফলে ধস নেমেছে স্থানীয় এই শিল্পে, আর কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী। এই চরম সঙ্কট থেকে উত্তরণ, লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ এবং শ্রমিকদের কর্মসংস্থান সংরক্ষণের লক্ষ্যে ৬ দফা দাবিতে রাজপথে নেমেছেন লালপুরের ইটভাটা মালিক ও শ্রমিকরা। গতকাল মঙ্গলবার (২৩ জুন) দুপুরে লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির উদ্যোগে উপজেলার প্রধান সড়কে বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং নাটোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আন্দোলনরত মালিক ও শ্রমিকদের দাবি, লালপুর উপজেলার প্রায় ২৬টি ইটভাটা বর্তমানে বন্ধ রয়েছে। ইটভাটা শুধু একক কোনো ব্যবসা নয়, বরং স্থানীয় গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এর সঙ্গে পরিবহন খাত, কাঁচামাল সরবরাহকারী এবং নির্মাণ শ্রমিকসহ হাজারো মানুষের জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। লাইসেন্স জটিলতার কারণে পুরো খাত এখন অবরুদ্ধ। কাজ হারিয়ে হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার এখন চরম খাদ্য সংকটে দিনাতিপাত করছেন।

উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের সব নিয়ম মেনে, নির্ধারিত ফি পরিশোধ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে জমা দেয়ার পরও অদৃশ্য ও অযৌক্তিক কারণে লাইসেন্স আটকে রাখা হয়েছে। এর ফলে ব্যবসায়ীরা যেমন কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি আবাসন ও উন্নয়ন খাতে ইটের সঙ্কট তৈরি হচ্ছে।

সমাবেশ থেকে আন্দোলনকারীরা দ্রুত লাইসেন্স প্রদান, কাঁচামাল সংগ্রহে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং প্রশাসনিক হয়রানি বন্ধসহ ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান। বক্তারা এই তীব্র অর্থনৈতিক সঙ্কট নিরসনে ও স্থানীয় শিল্পকে বাঁচাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যথায়, অবিলম্বে দাবি মানা না হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান লিটন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ভাটা মালিক হাফিজুর রহমান হাফিজ, আসাদুল ইসলাম, শফিকুর রহমান ময়না, সবুজ আহমেদসহ উপজেলার বিভিন্ন ইটভাটার মালিক, শ্রমিক, কর্মচারী ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ।