গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে যুবকের আত্মহত্যা
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তুষার আলী (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের কুমোরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত তুষার আলী কুমারপুর গ্রামের আবু লায়েস (কালা)-এর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকাল আনুমানিক ১০টার দিকে গ্রামের একটি বাঁশঝাড়ে তুষার আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার আগে তুষার আলী মোবাইল ফোনে এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল থেকেই উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।











