রাজশাহী নগরীতে গাছে বেঁধে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
গত রোববার মহানগরীর মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার তুষার (১৮) মহানগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন। ওই ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন।
একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু এরপরও মন গলেনি নির্যাতনকারীদের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।
তিনি বলেন, কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়া, দুটিই অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।










