ঢাকা | মে ১৩, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

বাঘায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেলের উদ্বোধন করলেন ইউএনও

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:22 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টিসিবির নির্ধারিত ডিলার ‘নিলা ভ্যারাইটিজ স্টোর’-এর মাধ্যমে উপজেলা চত্বরে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পণ্য বিক্রি করা হয়। সাধারণ ক্রেতারা ভর্তুকি মূল্যে প্যাকেজ হিসেবে পণ্য কেনার সুযোগ পান। প্যাকেজ অনুযায়ী একজন ক্রেতা একসাথে তিনটি পণ্য ক্রয় করতে পারছেন। এর মধ্যে রয়েছে- ২ লিটার ভোজ্যতেল: ২৬০ টাকা, ১ কেজি চিনি: ৮০ টাকা, ২ কেজি মসুর ডাল: ১৪০ টাকা। মোট ৪৮০ টাকার এই প্যাকেজটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, পণ্য বিক্রির ট্যাগ অফিসার ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, নিলা ভ্যারাইটিজ স্টোরের স্বত্বাধিকারী নুরুজ্জামান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষ যেন সাশ্রয়ী মূল্যে পণ্য পায়, তা নিশ্চিত করতে আমরা সচেষ্ট আছি।

এ বিষয়ে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, রাজশাহী জেলা ও মহানগরীর প্রতিদিন ১৫টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে মহানগরে ১০টি এবং বিভিন্ন উপজেলায় ৫টি স্থানে এই কার্যক্রম চলছে। প্রতিদিন প্রায় ৬ হাজার পরিবার এই সুবিধার আওতায় আসবে।