ঢাকা | মে ১৩, ২০২৬ - ২:২৭ পূর্বাহ্ন

থাকছে না নির্দিষ্ট সময়সীমা: পরিপক্ব হলেই গাছ থেকে নামানো যাবে আম

  • আপডেট: Monday, May 11, 2026 - 10:19 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে চলতি ২০২৬ মৌসুমেও আম পাড়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। পরিপক্ব হলেই গাছ থেকে আম নামানো যাবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত নিরাপদ আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময়সভা শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক আবু ছলেহ মো. মুসা জঙ্গী। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আম সংস্কৃতির জেলার মানুষদের আমের প্রতি সংবেদনশীলতা এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে প্রশাসন আম পাড়া, বাজারজাত ও সরবরাহ কার্যক্রমে কঠোর নজরদারি অব্যাহত রাখবে। কোথাও অপরিপক্ক বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা আম বাজারজাত কিংবা সরবরাহের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরো জানান, আম নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে পৃথক পৃথক সভা আয়োজন করা হবে। মতবিনিময় সভায় কৃষি বিভাগ, কুরিয়ার সার্ভিস, সড়ক পরিবহন, রেলওয়ে, ডাক বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমচাষি, ব্যবসায়ী, উদ্যোক্তা, রপ্তানিকারক, হাট-বাজার নিয়ন্ত্রণকারী এবং প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

দীর্ঘ আলোচনায় আমের রপ্তানি বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ সুবিধা সৃষ্টি, বেসরকারি খাতকে সহায়তা প্রদান, আম মৌসুমে হাট-বাজার এলাকায় যানজট নিরসন, জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতকরণ, বাজারদর মনিটরিং এবং আম কেনাবেচায় ওজন সংক্রান্ত বিষয় গুরুত্ব পায়। বিশেষ করে দেশের বৃহত্তম আমবাজার কানসাট এলাকার যানজট সমস্যা নিয়ে আলোচনা হয়।

সভায় চাঁপাইনবাবগঞ্জের জিআই স্বীকৃতিপ্রাপ্ত চার প্রজাতির আমসহ বিভিন্ন জাতের আমের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। রেল বিভাগ জানায়, বহুল পরিচিত ‘ম্যাংগো ট্রেন’ সার্ভিস গত বছর থেকে বন্ধ থাকলেও প্রতিদিন সকালে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বনলতা আন্গ র ট্রেনের আধুনিক ওয়াগনের মাধ্যমে স্বল্প খরচে ৫৪ টনের বেশি আম দ্রুত ঢাকায় পরিবহন করা সম্ভব হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াসিন আলীর সঞ্চালনায় সভায় আমের পরিপক্কতার সময় নিয়ে আলোচনা করেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, মাজহারুল ইসলামসহ অন্যরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে প্রায় ৪ লাখ ৯৮ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে শিলাবৃষ্টি, ঝড় ও রোগবালাইয়ের কারণে উৎপাদন নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন চাষিরা।