ঢাকা | মে ৮, ২০২৬ - ১০:৪২ অপরাহ্ন

রাণীনগরে স্কুলে যাওয়ার সময় ডেকে নিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • আপডেট: Friday, May 8, 2026 - 10:26 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে টিফিন শেষে স্কুলে ফেরার পথে চকলেটের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৭ মে) রাতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত শনিবার দুপুরে ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক উপজেলার পারইল ইউনিয়নের মৃত মজিবর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। শনিবার দুপুরে টিফিনের বিরতিতে বাড়িতে খাবার খেতে যায় ওই শিশু। খাবার খেয়ে স্কুলে ফেরার পথে অভিযুক্ত রাজ্জাক ওই শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গত সোমবার জানাজানি হয়। এরপর থেকে এলাকার কতিপয় মাতব্বরা গ্রাম্য সালিশের মাধ্যমে অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, ন্যায়বিচার পেতে বৃহস্পতিবার রাতে আমরা থানায় মামলা দায়ের করেছি। ধর্ষকের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আসামি রাজ্জাককে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।