পাবনায় ডিবির অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
পাবনা প্রতিনিধি: পাবনায় রিমান্ডে থাকা আসামির তথ্যের ভিত্তিতে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পাবনা সদর উপজেলার সুখচর গ্রামে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ডিবি পুলিশ।
শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার ছূফি উল্লাহ জানান, গত ২৬ এপ্রিল সদর উপজেলার চর তারাপুরের সুখচর গ্রামে অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে (৩৬) একটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, ৩৬ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়।
ওই ঘটনায় দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর বর্তমানে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে ডিবি হেফাজতে আছে। ডিবি হেফাজতে জিজ্ঞসাবাদে জাহাঙ্গীর হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়। জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।











