ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

  • আপডেট: Saturday, April 18, 2026 - 9:49 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পিকআপ গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৬৫) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের একাডেমি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে একাডেমি মোড়ে বাইসাইকেল নিয়ে সড়ক পারাপারের সময় একটি পিকআপ গাড়ি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের স্বজনরা থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি।