শিবগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই আহত
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় পুলিশের এসআই গোপাল চন্দ্র মণ্ডল আহত হয়েছেন।
গত শনিবার রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই গোপাল চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে কিরণগঞ্জ এলাকায় যান দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলফাজ হোসেনকে গ্রেপ্তার করতে। এ সময় আলফাজসহ তার স্বজনরা পুলিশের ওপর হামলা করে। তাদের হামলায় গোপল চন্দ্র মণ্ডল আহত হন। তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও বলেন, হামলার পরও পুলিশ আসামি আলফাজ হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। হামলায় ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি হুমায়ুন কবির।











