পাবনায় দুদক পরিচালকের হাত থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ
পাবনা প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনে (দুদক) কর্মরত এক পরিচালক ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে পাবনার সাঁথিয়া উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
বুধবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচী শেষে এলাকা বাসী চাটমোহর-ফরিদপুর-বাঘাবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
অভিযুক্ত দুদকে কর্মরত পরিচালক আবুল হাসনাত সাঁথিয়া উপজেলার ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন। মানববন্ধন চলাকালে এলাকাবাসী অভিযোগ করে বলেন, দুদকে কর্মরত পরিচালক আবুল হাসনাতের পিতা একজন ভূয়া মুক্তিযোদ্ধা।
আবুল হাসনাতের আওয়ামী লীগের আমলের ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এলাকাবাসী অতিষ্ট ছিল। এমন কোনো নির্যাতন-অত্যাচার নেই যা তারা করেনি। বর্তমান সরকারের সময়ও তারা আবার এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন শুরু করেছে।
এ বিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, কি নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হলো আমি জানি না। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এই জন্য হয়তো (মানববন্ধন) হয়েছে। জমির বিষয়ে মামলা-মোকদ্দমা আছে। কাগজপত্র দেখে যাদের কাগজপত্র ঠিক আছে তারাই জমি পাবে। আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।











