পোরশায় কোটি টাকা নিয়ে উধাও হওয়া এনজিও পরিচালক গ্রেপ্তার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা থেকে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হওয়া বেসরকারি সংস্থা (সাকো) এর নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম জহিরকে গ্রেপ্তার করেছেন পোরশা থানা পুলিশ।
গত ৫ মার্চ দুপুরে রংপুর জেলার তাজহাট থানার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদ চত্বর মোড় হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম জহির (৪০) উপজেলার দুয়াপাল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকজন গ্রাহক বাদী হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আসামি জহুরুল ইসলাম দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে বিজ্ঞ আদালত হতে ৩টি সিআর সাজা পরোয়ানা ও ৪টি নরমাল সিআর পরোয়ানা ইস্যু করেন।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জহুরুল ইসলাম সাকো নামে একটি এনজিও এর মাধ্যমে গ্রাহক সৃষ্টি করে পোরশা ও সাপাহার এলাকার নিরীহ লোকজনদের তিন থেকে চার কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘ কয়েক বছর আগে আত্মগোপন চলে যান।
পলাতক অবস্থায় প্রতারক জহুরুল ইসলাম বিভিন্ন সময় ছদ্ম নাম ব্যবহার করেন এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও তিনি ভারতে অবস্থান করছেন বলে তার নিজ এলাকায় লোকজনের কাছে প্রকাশ করেন। আদালতের পরোয়ানার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রতারক জহুরুলকে গ্রেপ্তার করায় পোরশা এবং সাপাহার এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেন বলেও তিনি জানান।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরো জানান, নওগাঁ জেলার বড় অপরাধী এবং ওয়ারেন্টিদের গ্রেপ্তারের ব্যাপারে জেলা পুলিশের তৎপরতা আগের চেয়ে জোরদার করা হয়েছে। এই ধরনের অপরাধীদের গ্রেপ্তারে সহযোগিতা করার জন্য তিনি জনগণকে তথ্য প্রদানের আহ্বান জানান।











