ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১০:৩১ পূর্বাহ্ন

রায়গঞ্জে বিএনপির ২ কর্মী নিহতের ঘটনায় আটক ৩

  • আপডেট: Tuesday, March 3, 2026 - 10:07 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহতের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিন জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলায় গোয়ালপাড়ার নজর আলীর ছেলে আছমত আলী (৪২), একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৪৪) ও আব্দুর রহিমের ছেলে তরিকুল ইসলাম (৪২)। তারা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, ‘সংঘর্ষের পর উভয়পক্ষের আহতরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আবুবক্কার সিদ্দিক গ্রুপের দুই জন মারা যাওয়ার পর আছমত আলী গ্রুপের আছমত আলীসহ তিন জন পুলিশ পাহারায় চিকিৎসা নিচ্ছেন। নিহতদের পরিবার মামলা করলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।’ তিনি আরো বলেন, ‘অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দুজন নিহতের ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। নিহতদের মরদেহ সিরাজগঞ্জ ও বগুড়ার হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’