ঢাকা | ফেব্রুয়ারী ২১, ২০২৬ - ২:২০ পূর্বাহ্ন

রাজশাহীর-মোহনপুর সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল হেলপারের

  • আপডেট: Friday, February 20, 2026 - 10:29 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক হেলপার নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল খবর পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মোহনপুর থানাধীন কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে হেলপার কেবিনে আটকা পড়েন। পিকআপটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ন-২১-২৬৭৫। ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় পিকআপের হেলপার আব্দুল্লাহ (২৬), পিতা হুমায়ুন কবির, গ্রাম ব্রাহ্মণডাঙ্গা, পোস্ট নয়াগোলা, জেলা চাঁপাইনবাবগঞ্জ গুরুতর আহত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গাছের সঙ্গে ধাক্কা লেগে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোহনপুর-এর লিডার রেজোয়ান মন্ডলের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া হেলপারকে উদ্ধার করে।

পরে থানা পুলিশের সহায়তায় হেলপার আব্দুল্লাহকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহটি সেখানে রাখা হয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় নাই।