রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মোহসিন আলী
স্টাফ রিপোর্টার: সামাজিক উন্নয়নে উন্নয়ন নাট্যের প্রয়োগ উপযোগিতা নিয়ে গবেষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁর ডিগ্রি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। রাবির নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মীর মেহবুব আলমের তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন। বাংলাদেশের সামাজিক উন্নয়নের প্রেক্ষাপটে উন্নয়ন নাট্যের ধারণা, তাত্ত্বিক ভিত্তি, প্রয়োগ-পদ্ধতি ও সামাজিক প্রভাব এতে বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার মাঠপর্যায়ের কাজ রাজশাহীর মোহনপুর ও তানোর উপজেলার ছয়টি ইউনিয়নে পরিচালনা করা হয়। পর্যবেক্ষণ, জরিপ, সাক্ষাৎকার ও ফোকাস গ্রুপ ডিসকাশনের পাশাপাশি বাল্যবিবাহ, অনিরাপদ খাবার, অটিজম ও ডাউন সিনড্রোম, যৌতুক, মাদক, বিবাহবিচ্ছেদ, বেকারত্ব, কিশোর অপরাধ, ইন্টারনেটের অপব্যবহার এবং ইভটিজিং ও যৌন হয়রানির মতো ১০টি সামাজিক ইস্যুতে উন্নয়ন নাট্য নির্মাণ ও পরিবেশন করা হয়।
গবেষণায় দেখা গেছে, নাটক ও পরবর্তী মুক্ত আলোচনার মাধ্যমে জনসচেতনতা, সামাজিক সংলাপ, নারীর ক্ষমতায়ন ও ইতিবাচক আচরণগত পরিবর্তনে উন্নয়ন নাট্য কার্যকর ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত মোহসিন আলীর এই অর্জনে সংস্থা ও সংশ্লিষ্ট মহল তাঁকে অভিনন্দন জানিয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











