ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম

দুই বিদ্যুৎকেন্দ্র ও ২৮ উপকেন্দ্রে নিরাপত্তা জোরদার, সারা দেশে সতর্কতার নির্দেশ

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ও সাম্প্রতিক হামলার আশঙ্কায় রাজশাহীর দুটি বিদ্যুৎকেন্দ্র এবং ২৮টি উপকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েকটি স্থাপনায় আনসার সদস্য নিয়োগের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের টহল ও গোয়েন্দা নজরদারি।

মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ও মন্ত্রীর হুঁশিয়ারি:

রোববার বিদ্যুৎ বিভাগের উপসচিব মাসুদুর রহমান মাসুদের সই করা এক চিঠিতে পিজিসিবি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়। এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও (পিডিবি) স্থাপনাগুলোতে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, তল্লাশি ও রাতের টহল বাড়ানোর নির্দেশনা দিয়েছিল।

রোববার অনলাইনে সংযুক্ত মাঠপর্যায়ের কর্মকর্তা ও সংস্থাপ্রধানদের সঙ্গে বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের শনাক্ত করার নির্দেশ দিয়ে মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাশকতার চেষ্টাকারী এবং দায়িত্ব পালনে অবহেলাকারী—সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর ৩০ স্থাপনায় নিরাপত্তা জোরদার, কর্মীদের মধ্যে আতঙ্ক:

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালি ও মিঞাপুরে দুটি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এ ছাড়া জেলার নয় উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ২১টি এবং রাজশাহীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) সাতটি উপকেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় পাঁচ উপজেলায় ১৪টি এবং বাকি চার উপজেলার উপকেন্দ্র নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২-এর আওতাধীন।

নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানান, গত শনিবার সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। উপকেন্দ্রগুলোতে নিজস্ব প্রহরীর পাশাপাশি আনসার সদস্য ও পুলিশ কাজ করছে। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম, সদর-কারিগরি) সপ্তর্ষি পাল বলেন, উপকেন্দ্রগুলোতে আগে তিন শিফটে একজন করে নিরাপত্তারক্ষী থাকলেও এখন চার থেকে পাঁচজন করে দায়িত্ব পালন করছেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক টিএম মেসবাহ উদ্দিন জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকেন্দ্রগুলোর প্রবেশদ্বার সব সময় বন্ধ রাখা হচ্ছে।

খড়খড়ি উপকেন্দ্রে পরপর দুই রাত হামলা:

বাড়তি সতর্কতার মধ্যেও রাজশাহী মহানগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি উপকেন্দ্রে পরপর দুই রাতে হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে প্রথম পেট্রোলবোমা নিক্ষেপ করা হলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরদিন গত শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং ট্রান্সফরমার লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রান্সফরমারে আগুন ধরে যায় এবং কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের লাইনম্যান মনির হোসেন জানান, পরপর দুই রাতের হামলায় গভীর রাতে কাজ করতে কর্মীরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের উপকমিশনার গাজিউর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানিয়েছেন, বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাতের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

সোনালী/জগদীশ রবিদাস