রাজশাহীতে এক রাতে তিন স্থানে হামলা-বিস্ফোরণ, গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী ও উপকণ্ঠে এক রাতের ব্যবধানে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত দুর্বৃত্তরা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবন, পবা উপজেলা ভূমি অফিস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টরের বাসভবন ও চারুকলা ফটকে এসব হামলা চালায়।
ঘটনাগুলোতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত না হলেও জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হামলার পরপরই রাবি প্রক্টরকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পবা ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা:
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১টার দিকে পবা উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হলেও অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন জানান, নাইট গার্ড ও নিরাপত্তাকর্মীরা সজাগ থাকায় বড় ধরনের দুর্ঘটনা ও নথিপত্রের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এর আগে পবা উপজেলার বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল।

নগর ভবনে ককটেল বিস্ফোরণ:
ভূমি অফিসে হামলার দেড় ঘণ্টা পর, রাত আড়াইটার দিকে রাজশাহী নগর ভবন লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত নগর ভবনের সামনে আসে। তাদের মধ্যে দুজন নেমে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। হামলার পর ওই ভিডিওটি সাংবাদিকদের কাছেও পাঠানো হয়। এ ঘটনার নেপথ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
রাবি প্রক্টরের বাসভবন ও চারুকলায় বিস্ফোরণ:
রোববার ভোরে নগরীর অক্ট্রয় মোড় থেকে প্রায় ২০০ গজ ভেতরে রাবি প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বাসভবনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই রাতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ফটকেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, ঘটনার সময় তিনি বাসায় না থাকলেও পরিবারের সদস্যরা বিকট শব্দ শুনেছেন। দুর্বৃত্তরা বিস্ফোরণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। রাতে মোটরসাইকেল চলাচল ও সন্দেহভাজনদের ওপর সমন্বিত পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান তিনি।
এদিকে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ফেসবুকে প্রক্টরকে উদ্দেশ করে হুমকিমূলক পোস্ট দেন। ওই পোস্টে দলীয় নেত্রীকে নিয়ে মন্তব্যের জেরে প্রক্টরকে সতর্ক করে তিনি লেখেন, ‘এবার আপনার মাথার ওপর পড়বে… আপনাদের বিদায়ের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে।’

এদিকে, ঘটনার খবর পেয়ে রোববার সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বেলা ১২টায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম পবা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসক পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রও ঘুরে দেখেন। এ সময় ইউএনও ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘জনমনে আতঙ্ক সৃষ্টি ও বিধ্বংসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব ঘটানো হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাইট গার্ড ও আনসার মোতায়েনের পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে।’
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান এবং মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানিয়েছেন, প্রতিটি ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











