একই কক্ষে রাজশাহী কলেজের ৫০ পরীক্ষার্থী ফেল, ফল পুনর্নিরীক্ষণের দাবি
স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের মনোদর্শন (কোর্স কোড: ২৪১৭১১) বিষয়ে পরীক্ষা দিয়ে একই কক্ষে অংশ নেয়া রাজশাহী কলেজের ৫০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
ফল প্রকাশের পর এমন চিত্র সামনে আসায় উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রস্তুত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। দ্রুত ফল পুনর্নিরীক্ষণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের ভাষ্য, রাজশাহী মহিলা কলেজ কেন্দ্রের ৩০৯ নম্বর কক্ষে তাঁরা ৫০ জন একসঙ্গে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা ভালো হলেও ফল প্রকাশের পর দেখা যায়, সবাই একই বিষয়ে ফেল করেছেন।
দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুমা আক্তার বলেন, কেউ পরীক্ষায় খারাপ করতে পারে; কিন্তু ৫০ জনই একই বিষয়ে খারাপ করবেন, এটি অস্বাভাবিক। বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
আরেক শিক্ষার্থী রায়হান জানান, বিভাগ থেকে সম্ভাব্য ভুলের বিষয়টি জানানো হয় এবং পরে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান পৃথকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন; তবে এখনো কোনো সমাধান মেলেনি। শিক্ষার্থী নাঈম বলেন, পরীক্ষা শেষ হলেও ফল জটিলতায় এক বছর পিছিয়ে যাওয়ার শঙ্কায় তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং বিষয়টি ডেপুটি কন্ট্রোলারের কাছে রয়েছে; সেখান থেকে ফলাফল এলেই বিস্তারিত বলা যাবে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী বলেন, চ্যালেঞ্জের আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।
সোনালী/জগদীশ রবিদাস











