ঢাকা | নভেম্বর ২৯, ২০২৬ - ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম

আ’লীগকে মোকাবিলা করতে না পেরে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে: নাহিদ

  • আপডেট: Sunday, November 29, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের টাকা ও ভোট ব্যাংক নিয়ে নির্বাচনে জিতে আট মাস পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাদের গোপন সমঝোতা ভেঙে গেছে। আওয়ামী লীগকে মোকাবিলা করতে না পেরে বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে।

রোববার বিকেলে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ না মানা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া এবং গণভোটের গণরায় বাস্তবায়ন না করার মধ্য দিয়ে বিএনপি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এতে বিএনপির প্রতি জনগণ আস্থা হারিয়েছে। এনসিপি আহ্বায়ক বলেন, সীমান্তে চক্রান্ত হচ্ছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। পতিত আওয়ামী লীগ এই ষড়যন্ত্রে লিপ্ত। তিনি আরও বলেন, ভারতসহ পৃথিবীর পাঁচটি পরাশক্তি আওয়ামী লীগের সঙ্গে থাকলেও তারা এ দেশে রাজনীতির সুযোগ পাবে না। এ দেশের তরুণ জনগণ তাদের রাজনীতি করতে দেবে না। আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করতে হবে এবং চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

গঙ্গা চুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাবে। নতুন কোনো চুক্তি হবে কি না, তা এখনো জানি না। এই অঞ্চলের মানুষকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে ভারত এবং সেই ষড়যন্ত্রে যোগ দিচ্ছে দেশের পতিত আওয়ামী লীগ শক্তি। ফলে এবারের লড়াই সীমান্তকে সুরক্ষিত করার এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের লড়াই।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, কয়েকটি গণমাধ্যম অবৈধ অস্ত্র, রামদা ও চাইনিজ কুড়ালকে এখন লগি-বৈঠা বলে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা এই মিডিয়াগুলোকে চিনে রাখছি ও নথিভুক্ত করছি। স্বৈরাচারের পক্ষে সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও সুশীল সেজে যারা সম্মতি উৎপাদন করবেন, ভারতের স্বার্থ রক্ষা করবেন এবং আওয়ামী লীগের তোষামোদ করবেন, তাদের বাংলাদেশ থেকে প্রতিহত করা হবে।

এর আগে সভা শুরুর আগে নগরের আলুপট্টি মোড়ে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসেন। সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি রাজশাহীর আহ্বায়ক মোবাশ্বের আলী।

সোনালী/জগদীশ রবিদাস