ঢাকা | নভেম্বর ২৮, ২০২৬ - ১০:৪১ অপরাহ্ন

রাকসুর দাবিতে টানা ১২ দিনের অবস্থান: হাসপাতালে আন্দোলনকারী

  • আপডেট: Saturday, November 28, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার দাবিতে টানা ১২ দিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক আন্দোলনকারী।

শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে আলি ইমরান জিহাদ নামের ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।

আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভী জানান, দীর্ঘ সময় ধরে অবস্থানের কারণে জিহাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় এবং একপর্যায়ে দাঁত লেগে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

আগের দিন হাসপাতালে যেতে না চাইলেও শনিবার বাধ্য হয়ে তাঁকে হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাঁর ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। শরীর অনেক দুর্বল হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আরিফ আলভী বলেন, রাকসু নির্বাচন নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অডিট জটিলতার কথা বলা হলেও এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া আটকে রাখার যৌক্তিকতা দেখছেন না তাঁরা। অডিট টিম গঠনের বিষয়ে দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও পাঁচ দিন পেরিয়ে যাওয়ায় ক্ষোভ জানান তিনি। প্রশাসন কার্যকর উদ্যোগ না নিলে প্রয়োজনে ১২ মাস অবস্থান করার পাশাপাশি সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফাঁকেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

একই অভিযোগ তুলে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর আহ্বায়ক ও রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, অডিটের অজুহাতে নির্বাচন কমিশন গঠন না করায় প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠেছে। তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান ছাড়বেন না বলে সাফ জানিয়ে দেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সমাজকর্ম বিভাগের আরিফ আলভী ও মাহির ফয়সাল সাদিক, ইতিহাস বিভাগের রাহি সরকার, ইসলামিক স্টাডিজ বিভাগের আলি ইমরান জিহাদ, মারজিয়া সুলতানা মিথি ও রিয়াদুল ইসলাম, আরবি বিভাগের সায়মুল ইসলাম, দর্শন বিভাগের সনেট সেন ও মেহরাব শিকদার, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ওমর ফারুক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের জান্নাতুল ফেরদৌস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অনামিকা আলম, গণিত বিভাগের আবু সাইদ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিহাব শাহরিয়ার, নৃবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নীল এবং চারুকলা অনুষদের আবিদা সুলতানা।

তাঁদের মধ্যে আলি ইমরান জিহাদ ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক এবং আরিফ আলভী ‘রাবি সংস্কার আন্দোলন’-এর সদস্য সচিব। উল্লেখ্য, রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলনের পর ১৭ নভেম্বর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।