শিবগঞ্জে ককটেল বিস্ফোরণের সময় আহত নুরুল রাজশাহীতে গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষকলীগ নেতা নিহতের ঘটনায় আহত হয়ে আত্মগোপনে থাকা একজনকে রাজশাহী থেকে আটক করেছে এসআরবি-৫।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর তেরখাদিয়া থেকে তাকে আটক করা হয়।
তথ্যমতে, ওই ব্যক্তির নাম নাজমুল কবীর নুরুল। তিনি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের ফাইজুদ্দিন আলীর ছেলে। আটকের পর এসআরবি’র এক কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন বুধবার চাপাইনবয়াবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে কৃষকলীগ নেতা নিহতের ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি রাজশাহীতে অবস্থান করছেন।
পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে নগরীর তেরখাদিয়া স্টেডিয়ামের অদূরের একটি বাড়ি থেকে আটক করা হয়। বর্তমানে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে। সুস্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ওই ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কেউ।
অন্যদিকে, ককটেল তৈরির সময় বিস্ফোরণে নিহতের ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশের দায়েরকৃত মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হ’ল, শিবগঞ্জ উপজেলার চাঁনশিকারী গ্রামের মোহাম্মদ বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান (১৮) ও সেনাপতির ছেলে রুবেল ইসলাম (২৩)।
ককটেল তৈরির সময় বুধবার বিস্ফোরণে কৃষকলীগ নেতা টমাস নিহতের ঘটনায় শিবগঞ্জ থানার এসআই লিটন সরকার বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।











