নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
স্টাফ রিপোর্টার: নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের মধ্যে দিয়ে এই মসজিদের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। এ সময়ে তিনি বলেন, এই মসজিদটি আগে থেকেই ছিলো। এখন এর আধুনিকায়ন করা হলো। মুসলিমদের সব থেকে গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ।
এই মসজিদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ঢাকাসহ কোথাও যেতে হলে আগে থেকেই প্রস্তুতি নিতে হয়, সে রকম পরপারে যাওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে সঞ্চয় করতে হবে। তিনি যুবকদের ইসলামের সব হুকুম আহকাম মেনে চলার আহ্বান জানিয়ে ইমানের সহিত নিজ নিজ দায়িত্ব পালন কথা বলেন।
অত্র মসজিদের সভাপতি, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন এর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও জেলা যুবদলের নেতা মোজাফ্ফর হোসেন মুকুলসহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
উপস্থিত নেতৃবৃন্দ অত্র মসজিদে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান। এসময়ে নির্বাহী অফিসার বলেন, তিনি পৌর প্রশাসক হিসেবে সংসদ সদস্যর নির্দেশেক্রমে পৌরসভা থেকে অনেক অনুদান দিয়েছেন। আগামীতেও আরো দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।











