বাগমারায় মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ড
বাগমারা প্রতিনিধি: বাগমারায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাট গাঙ্গোপাড়া পরিত্যক্ত সিনেমা হল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় নরদাশ গ্রামের বাবুল হোসেনের ছেলে নাদিম মোস্তফকে (২৩) এই দণ্ড দেয়া হয়। অভিযানের সময় হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এর আগে পুলিশ অভিযুক্ত নাদিম মোস্তফাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক ও অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।











