ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে জমে উঠেছে খেজুর গুড়ের বাজার

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:26 pm

সোনালী ডেস্ক: শীতের আগমনে রাজশাহীর পবা, বাঘা, চারঘাট ও পুঠিয়ায় জমে উঠেছে খেজুরগুড় ক্রয়-বিক্রয়। শীত নামার সাথে উপজেলার প্রতিটি হাট বাজারে শুরু হয়েছে খেজুরগুড় কেনাবেচা। দূর-দূরান্ত থেকে পাইকাররা এসে এখান থেকে খেজুর গুড় নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে।

বাঘা প্রতিনিধি জানান, উপজেলায় দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ হাজার ৬০ জন চাষি রয়েছে। গাছ রয়েছে ১ লাখ ৬২ হাজার। খেজুর গাছ সড়কপথ, পতিত জমি ও বাড়ির আঙিনায় কোন পরিচর্যা ছাড়াই বেড়ে উঠে। মৌসুমে একজন গাছি প্রতিদিন ৫০-৬০টি খেজুর গাছের রস সংগ্রহ করেন।

বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার গাছি রস সংগ্রহ করেন। প্রতি মৌসুমে গাছিরা খেজুর গাছের ওপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করেন। একজন কৃষক তাদের গাছের সংখ্যা অনুপাতে গাছি নিয়োগ করেন। তারা মৌসুম জুড়ে রস সংগ্রহ ও গুড় উৎপাদনের কাজে নিয়োজিত থাকেন। উপজেলার আমের যেমন দেশ ও বিদেশ জুড়ে খ্যাতি, তেমনি সুমিষ্ট খেজুর গুড়ের খ্যাতিও রয়েছে। উপজেলায় গুড়ের প্রধান হাট বাঘা ও আড়ানী। এরপর রয়েছে মনিগ্রাম ও দিঘাসহ অন্যান্য হাট। সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বাঘারহাট বসে। এ হাটেই সবচেয়ে বেশি গুড় বেচাকেনা হয়।

উপজেলার বাঘা ও আড়ানী পৌরসভা ছাড়াও বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়নের অন্যান্য হাটেও যথেষ্ট পরিমাণ গুড় বেচাকেনা হয়। এছাড়া বড় হাটের মধ্যে রয়েছে চারঘাট, সরদহ, বানেশ্বর, পুঠিয়া, পবার হাটরামচন্দ্রপুর, শিবপুর হাট। তবে বেশি দাম পাওয়ার আশায় অনেকেই বাঘার হাটে গুড় বিক্রি করেন। বাঘার হাটে রোববার প্রতি কে.জি. খেজুর গুড় ১৪০-১৬০ টাকায় বিক্রি হয়েছে।

মৌসুমের একেবারে শুরুতে এ গুড়ের দাম প্রতি কে.জি. ১৮০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে বেশি দামে গুড় বিক্রি হলেও ভরা মৌসুমে দাম কিছুটা কমে যায়। বাঘাহাটের গুড় ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, আমার আড়তে থেকে কয়েকজন ব্যবসায়ী পাবনা এলাকা থেকে এসে গুড় কিনে নিয়ে যায়। তারা প্রতি রোববার ও বৃহস্পতিবার হাটে আসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এমএ মান্নান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় সরকারি হিসেবে চলতি মৌসুমে মানুষ খেজুর গুড় থেকে হাজার হাজার টাকা আয় করেন। উপজেলায় ৬ হাজার ৬০ জন চাষি রয়েছে। গাছ রয়েছে ১ লাখ ৬২ হাজার। গত মৌসমের চেয়ে চলতি মৌসুমে ৪ হাজার ৫০টি গাছ বেশি। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে খেজুর গুড় উৎপাদনে সহায়তা দেয়া হলে এই গুড়কে আরও লাভ জনক করা সম্ভব। বিদেশে রপ্তানি করা হলে এই গুড় থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবেন।

এদিকে এই অঞ্চলের এক শ্রেণির অসাধু গুড় ব্যবসায়ী ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছেন। এতে এখানকার গুড়ের সুনাম নস্ট হচ্ছে। এই সুনাম ধরে রাখতে বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ সম্প্রতি এক অনুষ্ঠানে এখানকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস