ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১১:০০ অপরাহ্ন

শিরোনাম

বৈরী আবহাওয়ায় রাজশাহীর বাজারে বেড়েছে সবজি, ডিম-মুরগির দাম

  • আপডেট: Saturday, November 21, 2026 - 10:09 pm

স্টাফ রিপোর্টার: বৈরী আবহাওয়ার প্রভাবে চলতি সপ্তাহে রাজশাহীর বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে বেড়েছে ডিম ও মুরগির দামও। এতে বাজার করতে এসে অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। তবে মাছ ও গরু-খাসির মাংসের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।

শনিবার নগরীর বিনোদপুর, সাহেববাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ডায়মন্ড আলু ২৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা, দেশি শসা ৭০ টাকা, হাইব্রিড (বিদেশি) শসা ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, বেগুন ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং টমেটো ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি শিম ৭০ টাকা, মুলা ৩০ টাকা, ফুলকপি ৪০ টাকা, পাতাকপি ৪০ টাকা, ঝিঙে ৫০ টাকা, করলা ৬০ টাকা ও কচুর লতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এসব সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিভিন্ন ধরনের শাকও আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, বৈরী আবহাওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কিছু সবজির দাম বেড়েছে। তবে দাম খুব বেশি বাড়েনি। এদিকে গত সপ্তাহে ডিম ও মুরগির দাম কিছুটা কমলেও চলতি সপ্তাহে তা আবারও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, লেয়ার মুরগি প্রায় ৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে প্রতি হালি দেশি মুরগির ডিম ৬৫ থেকে ৭০ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা, ফার্মের লাল ডিম ৪৪ টাকা এবং সাদা ডিম ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৭০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং চাষের শিং ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টেংরা ৫৫০ থেকে ৬৫০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৯০০ টাকা এবং কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব বলেন, ‘গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে। মুরগির দামও বেড়েছে। শনিবার মুরগি কিনতে হয়েছে ১৮০ টাকা কেজি দরে। তবে মাছের দাম এখন স্থিতিশীল রয়েছে। তাই সবকিছু হিসাব করেই কিনতে হচ্ছে।’

মুরগি বিক্রেতা আকরাম বলেন, ‘গত সপ্তাহের তুলনায় মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। গতকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে দাম বেড়েছে। তবে খামারের খাবারসহ অন্যান্য খরচ এখনো বেশি থাকায় দাম খুব বেশি কমানো সম্ভব হচ্ছে না।’ নগরীর বিনোদপুরের সবজি বিক্রেতা ছামিউল বলেন, ‘বাজারে এখন সবজির সরবরাহ কিছুটা কম। চলতি সপ্তাহে বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও কিছু সবজির দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দামও কমে আসবে বলে আশা করছি।’