চাঁপাইনবাবগঞ্জের ২ উপজেলার ১২ ইউনিয়নে প্রথম ধাপে ভোট
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলার মোট ৪৪টি ইউনিয়নে তিনটি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এর মধ্যে গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন হলো- গোমস্তাপুর, বাঙ্গাবাড়ী, রাধানগর, পার্বতীপুর, রহনপুর, বোয়ালিয়া, চৌডালা এবং আলীনগর। এছাড়া ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়ন- জামবাড়ীয়া, ভোলাহাট, গোহালবাড়ী এবং দলদলীতে প্রথম ধাপে ভোটগ্রহণ করা হবে।
এরপর আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হবে। এই ধাপে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হলো- বালিয়াডাঙ্গা, গোবরাতলা, ঝিলিম, বারঘরিয়া, মহারাজপুর, রানীহাটি, চর অনুপনগর, দেবীনগর, আলাতুলী, শাহজাহানপুর, ইসলামপুর, চরবাগডাঙ্গা, নারায়নপুর এবং সুন্দরপুর। পাশাপাশি নাচোল উপজেলার ৪টি ইউনিয়নেও দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়নগুলো হলো- কসবা, ফতেপুর, নাচোল এবং নেজামপুর।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ এপ্রিল ২০২৭ তারিখে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ধাপে শিবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইউনিয়নগুলো হলো- শাহবাজপুর, দাইপুকুরিয়া, মোবারকপুর, চককীর্তি, শ্যামপুর, বিনোদপুর, মনাকষা, উজিরপুর, পাঁকা, ঘোড়াপাখিয়া, ধাইনগর, নয়ালাভাংগা, ছত্রাজিতপুর এবং কানসাট। নির্বাচনের এই ধাপ ও তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকেই জেলার গ্রামীণ জনপদে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের তৎপরতা এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে।
এদিকে, মেয়াদপূর্ণ না হওয়ায় শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে- আগামী বছরের সবশেষে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।











