ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র: ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Saturday, November 21, 2026 - 10:07 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী  মিজানুর রহমান মিনু এমপি।

শনিবার বেলা ১১টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী  মিজানুর রহমান মিনু এমপি বলেন, রাজশাহী শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার প্রাণকেন্দ্র। এই রাজশাহী থেকেই জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় রয়েছেন। তাঁরা বিশ্বে রাজশাহী এবং বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরেছেন। রাজশাহীর মানুষ খুবই শান্তি ও অতিথিপরায়ণ। রাজশাহীতেই দেখার মতো অনেক দর্শনীয় স্থান রয়েছে। আশা করি, যাঁরা খেলাধুলা করতে এসেছেন, তাঁদের এ নগরী দেখতে খুব ভালো লাগবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় দেশের যুবসমাজকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে চলেছেন, যাতে এই যুবসমাজ মাদক থেকে দূরে থাকে এবং খেলাধুলায় পারদর্শী হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে; আগামী দিনে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। পরস্পরের প্রতি বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য। এই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

রাসিক প্রশাসক বলেন, ক্রীড়া শুধু শখের মধ্যে সীমাবদ্ধ না থেকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হোক। একজন খেলোয়াড় তাঁর প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন। ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে ২১টি খেলার মাঠ ও ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে নগরীতে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়াচর্চায় উৎসাহিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আল মামুন কবির এবং সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে তিন দিনের এই আয়োজনে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আন্তঃকলেজ পর্যায়ে ক্রীড়াচর্চাকে আরও উৎসাহিত করার সুযোগ সৃষ্টি হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।