ঢাকা | নভেম্বর ২১, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর মেস থেকে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মিলল নাটোরের ধানখেতে

  • আপডেট: Saturday, November 21, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার: নিখোঁজের দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় নাটোরের বড়াইগ্রামের একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাঁকে উদ্ধার করেন। উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় হৃদয়কে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী এবং ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে।

ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ মেসে থাকতেন তিনি। খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড.  ফরিদুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বনপাড়ার ওই হাসপাতালে যান এবং চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে হৃদয় নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং তদন্তে পুলিশ তাঁর মোবাইলের সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানখেতে হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে থানা-পুলিশকে খবর দেন তাঁরা। বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, ওই শিক্ষার্থী এখনো কথা বলতে পারছেন না, ফলে কীভাবে তিনি সেখানে গেলেন তা জানা যায়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা-পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে; তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।