দাবি না মানলে সোমবার থেকে রামেক হাসপাতালে কর্মবিরতির হুঁশিয়ারি
স্টাফ রিপোর্টার: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সেবা উন্নয়ন খাতের কর্মচারী ও মেডিকেল টেকনোলজিস্টরা। দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে কর্মবিরতি এবং পরদিন থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত রামেক হাসপাতালের বহির্বিভাগের (আউটডোর) গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্যাথলজি ও রেডিওথেরাপি বহির্বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে চিঠি চালাচালি, হাসপাতালের পরিচালকের সঙ্গে একাধিকবার বৈঠকের চেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো সমাধান পাওয়া যায়নি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সন্তানদের পড়াশোনার খরচের তুলনায় তাঁদের বেতন অত্যন্ত কম বলে দাবি করেন তাঁরা।
বক্তারা জানান, দাবি বিবেচনা করে সমাধানের জন্য কর্তৃপক্ষকে এক দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন তাঁরা। পরদিন মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
তবে আন্দোলনের কারণে রোগীদের সম্ভাব্য ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন কর্মচারীরা। তাঁদের ভাষ্য, কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করলে সম্মানের সঙ্গে আবারও নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন।











