ঢাকা | নভেম্বর ১৪, ২০২৬ - ১০:২৯ অপরাহ্ন

শিরোনাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী

  • আপডেট: Saturday, November 14, 2026 - 10:08 pm

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে ২০১২ থেকে স্প্রিং ২০২৬ ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

মূল অনুষ্ঠানের প্রাক্কালে ১২ নভেম্বর সন্ধ্যায় ঐতিহ্যবাহী খিচুড়ি আড্ডা ও কিট বিতরণের মধ্য দিয়ে উৎসবের আমেজ শুরু হয়। ১৩ নভেম্বর সকালে ফিতা কাটা ও কবুতর উড়িয়ে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক  শামীম আহসান পারভেজ, ইংরেজি বিভাগের প্রধান ও স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক শহীদুর রহমান, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফসহ শিক্ষক, কর্মকর্তা ও আয়োজক কমিটির সদস্যরা।

অধ্যাপক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. হাবিবুল্লাহ, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিন এবং রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মুহাম্মদ খালেদ বিন ইউসুফ বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় এবং তাঁর পক্ষে নির্বাহী পরিচালক সম্মাননা স্মারক গ্রহণ করেন। বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ইসমত আরা মিস্টিসহ অনেকেই তাদের স্মৃতিচারণা করেন। পরে মধ্যাহ্নভোজ ও আমবাগানসংলগ্ন মাঠে জনপ্রিয় ব্যান্ড দল ‘অড সিগনেচার’-এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে মেতে ওঠেন শিক্ষার্থীরা।