রাবিতে ভর্তি আবেদন শুরু রোববার, পরীক্ষার তারিখ ঘোষণা
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আজ রোববার থেকে শুরু হচ্ছে, যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এর আগে পূর্বঘোষিত ১২ নভেম্বরের পরিবর্তে ১৫ নভেম্বর থেকে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আলোকেই তারিখ পেছানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ এবং মোট জিপিএ-৬.৫০ থাকতে হবে। অন্যদিকে বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.৫০ এবং মোট জিপিএ-৭.৫০ থাকতে হবে।
আবেদন যোগ্যতা শিথিলের বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম জানান, এবারের পরীক্ষার ফল তুলনামূলক খারাপ হওয়ায় যোগ্যতার শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এ ছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আলাদাভাবে ৫ থেকে ৭ দিন অতিরিক্ত সময় দেয়া হবে।










