নগরীর মোড়ে মোড়ে কম্বলের দোকান, ক্রেতাদের ভিড়
স্টাফ রিপোর্টার: শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বসতে শুরু করেছে কম্বলের অস্থায়ী দোকান।
দেশি-বিদেশি নানা ধরনের কম্বলের পসরা সাজিয়ে বসা এসব দোকানে ১৫০ টাকা থেকে শুরু করে ৮ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের কম্বল পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী মূল্যে পছন্দের কম্বল কেনার সুযোগ থাকায় ক্রেতাদের কাছে অস্থায়ী এসব দোকান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
সরেজমিনে নগরীর দোকানগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট-বড় বিভিন্ন আকার, রং, ডিজাইন ও মানের কম্বল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। শুধু রাজশাহী নগরীর বাসিন্দারাই নন, আশপাশের বিভিন্ন জেলা থেকেও মানুষ এসব দোকানে কম্বল কিনতে আসছেন।
দোকানে আসা এক ক্রেতা জানান, বাজারের অন্যান্য স্থানের তুলনায় এসব অস্থায়ী দোকানে বেশ কম দামে দেশি-বিদেশি সব ধরনের কম্বল পাওয়া যায়। দামে সাশ্রয়ী হওয়ায় তিনি এখান থেকেই কম্বল কিনতে এসেছেন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশা করছেন, আগামী দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে ক্রেতাদের ভিড় ও বেচাকেনা আরও বৃদ্ধি পাবে।
সোনালী/জগদীশ রবিদাস










