ক্ষতিপূরণ আদায় ১৬ কোটি টাকা: রাজশাহীতে বাড়ছে গ্রাম আদালতের সুফল
স্টাফ রিপোর্টার: দ্রুত বিচার প্রাপ্তি, সময় ও অর্থ সাশ্রয় এবং সামাজিকভাবে বিরোধ মীমাংসা হওয়ায় রাজশাহীর গ্রাম আদালতগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এর ফলে গ্রামগঞ্জে কমছে দীর্ঘসূত্রতা ও মামলার জট এবং অক্ষুণ্ণ থাকছে পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য। গত তিন বছরে জেলার ইউনিয়ন পরিষদগুলোর গ্রাম আদালতে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা যেমন বেড়েছে, তেমনি ক্ষতিগ্রস্তদের অনুকূলে আদায় হয়েছে প্রায় ১৬ কোটি টাকার ক্ষতিপূরণ।
আইন অনুযায়ী রাজশাহী জেলার ৭২টি ইউনিয়ন পরিষদে সপ্তাহের নির্দিষ্ট দিনে বসছে গ্রাম আদালত। জমিতে গাছ কাটা, সীমানাপ্রাচীর ভাঙচুরসহ নানা দেওয়ানি ও ফৌজদারি বিরোধ মাত্র ১০ থেকে ২০ টাকা ফি দিয়ে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ ও গবেষণা প্রতিষ্ঠান ইএসডিওর তথ্য অনুযায়ী, গত ৩ বছরে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে মামলা হয়েছে ১১ হাজার ৮শ’র বেশি এবং নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৬৪৬টি।
এ সময় ক্ষতিগ্রস্তদের জন্য আদায় করা হয়েছে ১৫ কোটি ৯৩ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ। বিচারপ্রার্থী ও স্থানীয়রা জানান, প্রচলিত আদালত বা থানার দীর্ঘসূত্রতা ও আর্থিক হয়রানি থেকে মুক্তি পেতে গ্রাম আদালত দারুণ ভূমিকা রাখছে। স্থানীয়দের উপস্থিতিতে ও উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে উন্মুক্ত বিচারকাজ পরিচালিত হওয়ায় রায়ের স্বচ্ছতা নিয়ে মানুষের আস্থা তৈরি হয়েছে।
এদিকে দুর্গম ও প্রান্তিক এলাকায় আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নথি সংরক্ষণ ও এজলাস সহায়তার ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজশাহী গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. আতিকুর রহমান জানান, অনেক মামলা নির্ধারিত ৯০ বা ১২০ দিন সময়ের অনেক আগেই, গড়ে মাত্র ২৮ দিনের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে।
ইএসডিও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. লুৎফর রহমান জানান, সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা ও ডকুমেন্টেশন ঠিক রাখতে কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও রিফ্রেশার্স কোর্স করানো হচ্ছে। তবে প্রচলিত আদালত ও থানায় মামলার চাপ আরও কমাতে গ্রাম আদালতের এখতিয়ার বাড়ানোর ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালত আইন-২০০৬ এর ২৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৩ লাখ টাকার দেওয়ানি ও ফৌজদারি মামলার নিষ্পত্তি করা হয়। রাজশাহী গ্রাম আদালতের সদস্য ও জেলা রিসার্চ টিমের গবেষকরা মনে করেন, এই আর্থিক এখতিয়ার ৩ লাখ থেকে বাড়িয়ে ৫ বা ৬ লাখ টাকায় উন্নীত করা গেলে সাধারণ মানুষ আরও বেশি সুফল পাবে এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ আরও কমবে।











