ঢাকা | নভেম্বর ১৩, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

ডেঙ্গু: বাড়িতে বাড়িতে সংক্রমণে বিপর্যস্ত চাঁপাই-রাজশাহী

  • আপডেট: Friday, November 13, 2026 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। দুই জেলার পাড়া-মহল্লায় এখন বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়েছে এ রোগের সংক্রমণ। একই পরিবারের একাধিক সদস্য একসঙ্গে আক্রান্ত হওয়ার পাশাপাশি একজনের সুস্থতা ফিরতে না ফিরতেই আরেকজন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ অবস্থায় ভুক্তভোগীরা বলছেন, তারা যেন ডেঙ্গুর সঙ্গে রীতিমতো এক দীর্ঘ যুদ্ধে নেমেছেন।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন ননদকে নিয়ে আসা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকার বাসিন্দা মরিয়ম জানান, তার স্বামী প্রবাসে থাকেন। বাড়িতে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের প্রায় সব সদস্যই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, বাদ যাননি তিনি নিজেও। মরিয়ম বলেন, ‘পরিবারের একজন সুস্থ হতে না হতেই আরেকজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ফলে বারবার হাসপাতালে ছুটতে হচ্ছে। মনে হচ্ছে ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করছি আমরা।’ কেবল মরিয়মের পরিবারই নয়, দুই জেলার অসংখ্য পরিবারের চিত্র এখন একই রকম।

পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠেছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিসংখ্যানে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জনই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা, যা মোট মৃত্যুর প্রায় ৪৩ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ছয়জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এ ছাড়া নাটোর ও কুষ্টিয়ায় দুজন করে এবং পাবনা, ঝিনাইদহ ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন। অর্থাৎ রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃত্যুর প্রায় ৭০ শতাংশই (১৬ জন) রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ সাংবাদিকদের জানান, সর্বশেষ গত মঙ্গলবার বিকেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকার গৃহিণী বুলু বেগম (৪০)। এর আগে ১ নভেম্বর ডেঙ্গু শক সিনড্রোমে মারা যান চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার রুনা বেগম (৪০)। মুখপাত্র আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। বর্তমানে হাসপাতালে ১৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১১১ জন এবং বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৪০৩ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ২১৪ জনকে। সরকারি হিসাবে জেলায় ১৫ জনের মৃত্যু নথিভুক্ত হলেও স্থানীয়দের দাবি, ডেঙ্গুর উপসর্গ নিয়ে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। রোগীর বাড়তি চাপে ২৫০ শয্যার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও সংক্রমিত হচ্ছেন।

প্রতি তিনটি বাড়ির একটিতেই এডিসের লার্ভা:

সংক্রমণের এই ভয়াবহ বিস্তারের প্রমাণ মিলেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) জরিপেও। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া, মিস্ত্রিপাড়া, নতুন ইসলামপুর, উদয়ন সংঘের মোড় ও চরজোতপ্রতাপ এলাকার ১৫০টি বাড়িতে পরীক্ষা চালিয়ে ৫৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অর্থাৎ জরিপ করা প্রতি তিনটি বাড়ির একটিরও বেশি বাড়িতে মিলেছে ডেঙ্গুর বাহক। রাজশাহী নগরীতেও এডিস মশার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

গত ৩ থেকে ১০ আগস্ট নগরীর কাজিহাটা, চণ্ডীপুর, উপরভদ্রা, নামোভদ্রা ও হাজরাপুকুর এলাকায় জরিপ চালিয়ে ৭৫টি বাড়ির মধ্যে ২৪টিতে এবং পরীক্ষাকৃত ৬৮টি পানির পাত্রের মধ্যে ৪৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। সংগৃহীত ৬৮৫টি লার্ভার মধ্যে ৫০৫টি ছিল এডিস অ্যালবোপিকটাস এবং ৮৬টি এডিস ইজিপ্টাই প্রজাতির। রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুর রহমান জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী কোনো এলাকায় ব্রেটো সূচক ২০-এর বেশি হলে সেটিকে উচ্চঝুঁকিপূর্ণ ধরা হয়। সর্বশেষ জরিপে রাজশাহীর ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

প্রশাসন ও সিটি করপোরেশনের উদ্যোগ:

পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছে দুই জেলার প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ জানান, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় মশার প্রজনন বাড়ছে। জলাবদ্ধতা নিরসন ও মশক নিধনে বিশেষ দল কাজ করছে। জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জানান, পৌর এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় আটটি বিশেষ দল গঠন করা হয়েছে। সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, মাইকিংয়ের পাশাপাশি জুমার নামাজে ইমামদের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

এদিকে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ৩০টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ফগার মেশিনে কীটনাশক স্প্রে ও তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি চলছে। রাসিকের মশক নিধন কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন জানান, ফগার স্প্রের পাশাপাশি ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, ড্রেন পরিষ্কার ও লার্ভিসাইড ছিটানো হচ্ছে। মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন রাসিক প্রশাসক।

সোনালী/জগদীশ রবিদাস