রাসিকের কার্যক্রম সুষ্ঠু পরিচালনায় গঠিত কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সভায় নাগরিক সেবা ত্বরান্বিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন রাসিক প্রশাসক। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিভাগের সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক কল্যাণ নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনসহ ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ ও ফুটসাল কোর্ট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সহায়তা প্রদান, কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহিদ জিয়া শিশুপার্কের আধুনিকায়ন ও আধুনিক শল্টার হাউস নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় গত ৩০ আগস্ট অনুষ্ঠিত ১৪তম সভার গৃহীত সিদ্ধান্ত পাঠ ও অনুমোদনসহ নগর উন্নয়নের বিভিন্ন বিষয়ভিত্তিক সিদ্ধান্ত নেয়া হয়। সভায় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরবৃন্দ এবং রাজশাহী অঞ্চলের পরিবেশ, সড়ক ও জনপথ, নেসকো, শিক্ষা, গণপূর্ত, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষসহ (আরডিএ) বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাসিকের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন।











