ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম

‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আগামী ১২ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া ‘বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন’ উপলক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রোববার সন্ধ্যায় নগরীর বাটার মোড়ে অবস্থিত ‘পান্ডুলিপি বুক ক্যাফে’তে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কমিটি চূড়ান্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের বৃহৎ ঐক্য ‘বরেন্দ্র ইয়ুথ ফোরাম’, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এবং ‘গ্রিন কোয়ালিশন’-এর যৌথ উদ্যোগে আগামী ১২ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের প্রায় পাঁচশত বছরের পুরোনো ঐতিহাবাসিক বটতলায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন বাস্তবায়নে সর্বসম্মতিক্রমে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমানকে আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক পলি রানীকে সদস্য সচিব করে ১৫ সদস্যের উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী ও আলমগীর হোসেন; এবং যুগ্ম সদস্য সচিব পদে ইহতেশামুল আলম, রিয়া করিম ও তাহমিদ জাকি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মাসুম ইসলাম, সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পী। এছাড়া তানোর, নাচোল ও পবা উপজেলা থেকে আগত কৃষক-কৃষাণী এবং যুব প্রতিনিধিরা এই কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

“শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি”—এই স্লোগানকে সামনে রেখে বরেন্দ্র অঞ্চলের যুবসমাজের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশ ঘটাতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, দেশি বীজ ও স্থানীয় কৃষি জ্ঞান সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ, খরা ও পানিসংকট নিরসনে স্থানীয় পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিতকরণ, দেশি বীজ ও নিরাপদ খাদ্য প্রদর্শনী এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।