ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

নিয়ামতপুর ও শিবগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:09 pm

সোনালী ডেস্ক: নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত এবং শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ শিক্ষার্থী নিহত ও ১জন আহত হয়েছে।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) এবং নুরুল ইসলাম (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থানেই দুইজন নিহত হন।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোন অভিযোগ না থাকায় নিজ নিজ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছ।

এদিকে শিবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত ব্যক্তি শিবগঞ্জ পৌরসভার লাগাদপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে ও শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজিজুল হক জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে শিবগঞ্জ থেকে মনাকষা যাবার পথে কালুপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী রাস্তার পাশে পানিতে পড়ে নিখোঁজ হয়। গুরুতর আহত নাহিদকে (১৪) অজ্ঞান অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোমবার সকালে স্থানীয়দের সহযোগিতায় আত্মীয়-স্বজনরা কালুপুর-কচুরীপণার মধ্য থেকে মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।