ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:২৪ অপরাহ্ন

শিরোনাম

কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:07 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযথভাবে উদযাপন না করার অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান।

সোমবার জারি করা ওই নোটিশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকার ৩ নভেম্বর ২০২৬ তারিখের নির্দেশনা অনুযায়ী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকার নির্ধারিত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশনা ছিল। তবে কেশরহাট উচ্চ বিদ্যালয়ে ওই কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন না করায় স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এ ঘটনায় প্রধান শিক্ষককে কেন রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করার জন্য দায়ী করা হবে না, তার সঠিক ব্যাখ্যা আগামী তিন কর্মদিবসের মধ্যে বিদ্যালয়ের সভাপতির কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।

অন্যথায় তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে স্বাক্ষর করেছেন বিদ্যালয়ের সভাপতি মশিউর রহমান।

কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মুঠোফোনে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।