আতাউর রহমানের কবর জিয়ারত করলেন মহানগর জামায়াতের আমির
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম আতাউর রহমানের কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত মহানগর আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
সোমবার সকাল সাড়ে ৬টায় মহানগর জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মরহুমের কবর জিয়ারত করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
কবর জিয়ারত শেষে প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মরহুম আতাউর রহমান রাজশাহী মহানগর জামায়াতের দায়িত্ব পালনকালে সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা, ত্যাগ ও আদর্শ নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি যে আদর্শ ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত রেখে গেছেন, তা ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে হবে। তিনি আরও বলেন, দায়িত্ব পরিবর্তন হলেও দ্বীনের পথে কাজ করার অঙ্গীকার ও আদর্শের ধারাবাহিকতা অটুট রাখতে হবে। মরহুমের রেখে যাওয়া অবদান নতুন প্রজন্মের কর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
কর্মসূচিতে উপস্থিত মহানগর জামায়াতের নেতৃবৃন্দ মরহুমের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। কবর জিয়ারতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন ও তরবিয়ত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











