ঢাকা | নভেম্বর ৯, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

১৫০ টাকা নিয়ে বিরোধে গৃহবধূর মৃত্যু

  • আপডেট: Monday, November 9, 2026 - 10:08 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মাত্র ১৫০ টাকা চাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে গলায় ফাঁস দিয়ে শাপলা রানী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

গত রোববার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও নিহতের স্বজনদের অভিযোগ, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত শাপলা রানী মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত পবন পাহানের মেয়ে। তাঁর স্বামী মিঠন পাহান (২৮) বদলগাছী উপজেলার হাপানিয়া গ্রামের মংলা পাহানের ছেলে। তাঁদের আট বছর বয়সী অন্তর নামে একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মিঠন ও শাপলার বিয়ে হয়। শুরুতে দুজনই কাজ করে সংসার চালাতেন। তবে গত দেড় বছর ধরে মিঠন নেশায় আসক্ত হয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। তিনি নিজেও চোলাই মদ তৈরি করতেন বলে জানা গেছে। নেশায় জড়িয়ে কাজকর্ম ছেড়ে দেয়ার পর সংসারে আর্থিক সংকট দেখা দেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন নেশা করার জন্য স্ত্রী শাপলা রানীর কাছে ১৫০ টাকা চান মিঠন। কিন্তু শাপলা টাকা দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে স্বামী মিঠন স্ত্রীকে ঘরে প্রবেশ করতে দেয় না। শাপলা রাগে ঘরের বাইরে চলে যান। পরে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন বলে জানা গেছে।

দুপুর সোয়া ২টার দিকে তাঁদের ছেলে অন্তর মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় মিঠন ছুটে এসে রশি কেটে শাপলাকে নিচে নামান। পরে বিকেল ৩টার দিকে তাঁকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে এসে অভিযোগ করেন, শাপলাকে তাঁর স্বামী নির্যাতন করতেন। সেই নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনেরা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, মরদেহ গতকাল সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।