ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ১১:০২ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপিত

  • আপডেট: Sunday, November 8, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী নগরীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি।

রোববার রাজশাহী মহানগরীসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে এ উৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে মা কালীর পূজা অনুষ্ঠিত হয়।

অশুভ শক্তির বিনাশ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা এবং জগতে শান্তি-কল্যাণ কামনায় ভক্তরা দেবীর আরাধনা করেন। এর পাশাপাশি আলোকোজ্জ্বল দীপাবলি উৎসব মানুষের মাঝে আলো, আনন্দ, সম্প্রীতি ও শুভবোধের বার্তা ছড়িয়ে দেয়।

পঞ্জিকা অনুসারে, গতকাল রোববার দুপুর ১টা ২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হয়, যা আজ সোমবার বেলা ১১টা ৫৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। তিথি মেনে মধ্যরাতে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে শ্যামাপূজার মূল আনুষ্ঠানিকতা, পূজা-অর্চনা ও অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হয়।

এদিকে, উৎসবকে কেন্দ্র করে রাজশাহী মহানগরী ও বিভিন্ন উপজেলার মন্দিরগুলোতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।

গতকাল সন্ধ্যার পর থেকেই প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নগরজুড়ে এক আলোকময় ও উৎসবমুখর আবহ তৈরি হয়। শ্যামাপূজা উপলক্ষে ভক্তরা দেবী কালীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

একই সাথে পরম শ্রদ্ধায় শ্মশানে গিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত বাবা-মা, পূর্বপুরুষ ও স্বজনদের স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। স্থানীয় সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় এই উৎসব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।

রাজশাহীতে এবারের শ্যামাপূজা ও দীপাবলি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা ও সার্বিক নজরদারি বজায় রাখা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস