ট্রাফিক পুলিশের অভিযানে ১১৮টি মামলা ও ৫৮টি যানবাহন আটক
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা, তীব্র যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
গত শনিবার মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আরএমপির ট্রাফিক বিভাগ ও ১২টি থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। দিনব্যাপী অভিযানে বিভিন্ন ধরনের ৫৬০টি যানবাহন তল্লাশি করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ১১৮টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি অবৈধ ও ত্রুটিপূর্ণ হওয়ায় ৫৮টি যানবাহন আটক করা হয়েছে। আরএমপি জানিয়েছে, সড়কে নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।











