ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

  • আপডেট: Sunday, November 8, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মব কালচার, জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম, মাদক, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, ধর্ষণ, সাইবার অপরাধ, গুজব এবং অনলাইন অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেয়া হয়।

এ ছাড়া অবৈধভাবে সার মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, জ্বালানি সংকট মোকাবিলায় নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা এবং ফ্যামিলি ও কৃষক কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং রাজশাহী মহানগরীতে যানজট নিরসনে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মামুন অর রশিদ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার সীমা খানম, ডিজিএফআই রাজশাহী শাখার উপপরিচালক শরিফুল্লাহ আল মাহমুদ, এনএসআই রাজশাহী মহানগরের যুগ্ম পরিচালক শাহিন আহমেদ, মহানগর বিএনপির সহসভাপতি ওলিউল হক রানা এবং রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।