ঢাকা | নভেম্বর ৮, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে শিহাব হত্যার আসামি গ্রেপ্তারে মানববন্ধন

  • আপডেট: Sunday, November 8, 2026 - 10:34 pm

গোদাগাড়ী প্রতিনিধি: গোদাগাড়ীতে অটোরিকশা চালক শিহাব আলীকে পরিকল্পিত ভাবে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী গোলচত্বরে গোদাগাড়ীর সর্বস্তরের সাধারণ মানুষের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবার ও এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে অংশ নেন।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি গোদাগাড়ী রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস, গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামিম মবিন, জেলা যুবদলের সদস্য নুর আলম সরকার এবং সমাজ ও মানবকল্যাণ সংগঠনের মহাসচিব নুরে আলম অহিদ।

এছাড়া মানববন্ধনে শিহাবের বাবা সোহেল, মা এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৫ বছর বয়সী কিশোর শিহাব আলী পেশায় একজন অটোরিকশা চালক ছিল। সে অটোরিকশা চালিয়ে তার অসুস্থ বাবার চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করত। তাকে নির্মম ও পরিকল্পিত ভাবে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে, যা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

একটি নিরীহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি আজ নিঃস্ব। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল শিহাব। নিখোঁজের চারদিন পর গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে গোদাগাড়ীর কলিপুর এলাকার একটি সড়কের পাশের ধানখেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিহাব গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া মহল্লার বাসিন্দা।